logo

অবৈধ রেয়াতের মাধ্যমে ১৩৯ কোটির রাজস্ব ফাঁকি স্কয়ারের

• ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরে উপকরণ কর রেয়াত ১৩৮ কোটি ৬২ লাখ টাকার বেশি

• ছাপাখানা সেবায় পরিশোধ করা হয়নি ৬২ লাখ ২২ হাজার ২৭৮ টাকার উৎসে মূসক

• সেলস কমিশন ও সার্ভিস চার্জ খাতে রেয়াত ১৩৭ কোটি ৩ লাখ টাকার বেশি

অবৈধ রেয়াতের মাধ্যমে ১৩৯ কোটির রাজস্ব ফাঁকি স্কয়ারের
স্কয়ার গ্রুপের কারখানা। ছবি: উইকিপিডিয়া থেকে নেওয়া

অবৈধ রেয়াত নিয়ে প্রায় ১৩৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে। উপকরণ কর রেয়াত ও অপরিশোধিত উৎসে মূসক মিলিয়ে এই ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন স্কয়ার লাইফ সায়েন্সেস লিমিটেড। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী।

আইনবহির্ভূতভাবে রেয়াত নেওয়ার কারণ জানতে গত জুলাইয়ে স্কয়ার লাইফ সায়েন্সেস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেয় রাজশাহীর ভ্যাট কমিশনারেট। এতে বলা হয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত, অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরে, প্রতিষ্ঠানটি উপকরণ কর বাবদ রেয়াত নিয়েছে ১৩৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৭৪২ টাকা। ছাপাখানার সেবায় ৬২ লাখ ২২ হাজার ২৭৮ টাকার উৎসে মূসক পরিশোধ করা হয়নি। সব মিলিয়ে ফাঁকির অঙ্ক দাঁড়িয়েছে ১৩৯ কোটি ২৪ লাখ ৫১ হাজার ২১ টাকা।

Advertisement

নোটিশে স্বাক্ষর করেন কমিশনার মো. খায়রুল কবির মিয়া। জবাব দেওয়ার শেষ তারিখ ছিল গত ২০ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিষয়টি একতরফাভাবে নিষ্পত্তি করা হবে বলে নোটিশে জানানো হয়। এর আগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পাবনার ৮ জুলাই ২০২৬ তারিখের পত্রের সূত্রে এ-সংক্রান্ত প্রতিবেদন রাজশাহী কমিশনারেটে পাঠানো হয়।

প্রিন্টেড বই থেকে শুরু করে ব্রুশিয়ার, লিফলেট ও সিঙ্গেল শিট কেনার বিপরীতে রেয়াত নিয়েছে স্কয়ার লাইফ সায়েন্সেস লিমিটেড। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থবছরে ১০ কোটি ১৭ লাখ ২০ হাজার ৫৭ টাকার পণ্য কেনার বিপরীতে রেয়াত নেওয়া হয়েছে ১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৮ টাকা।

এনবিআরের তথ্য অনুযায়ী, এসব পণ্যের ক্ষেত্রে রেয়াতের সুবিধা পায় না ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ভ্যাট আইনেও এর সুযোগ নেই। ফলে এই রেয়াত বাতিলযোগ্য বলে নোটিশে উল্লেখ করেছে রাজশাহী ভ্যাট কমিশনারেট। সংস্থাটি বলছে, এই অর্থ প্রতিষ্ঠানের নিকট আদায় বা সমন্বয়যোগ্য।

আইন অনুযায়ী ছাপাখানার সেবা নিলে ১০ শতাংশ ভ্যাট উৎসে কেটে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। একে উৎসে মূসক বলা হয়। নোটিশে বলা হয়েছে, স্কয়ার লাইফ সায়েন্সেস এই মূসক ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করেনি। ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ৬ কোটি ২২ লাখ ২২ হাজার ৭৮৫ টাকার ছাপার কাজের বিপরীতে ৬২ লাখ ২২ হাজার ২৭৮ টাকা পরিশোধ করা হয়নি। ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবছরে এই মূসক ধাপে ধাপে বেড়েছে ১১ লাখ ২৫ হাজার, ১৭ লাখ ৯ হাজার ও ৩৩ লাখ ৮৮ হাজার টাকা।

শুধু ছাপাখানা নয়, স্থানীয় উৎস থেকে কেনা পণ্য ও সেবার বিপরীতেও আইনবহির্ভূতভাবে রেয়াত নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ৪২ লাখ ৩২ হাজার টাকার মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবার বিপরীতে রেয়াত নেওয়া হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৮৬৯ টাকা। আইনে মেরামত উপকরণ হিসেবে বিবেচিত নয়। তাই এটিকেও বাতিলযোগ্য বলছে ভ্যাট কমিশনারেট।

সবচেয়ে বড় অঙ্কের রেয়াত নেওয়া হয়েছে সেলস কমিশন ও সার্ভিস চার্জ খাতে। উৎপাদন-পরবর্তী বিক্রয়, বিপণন ও প্রমোশনসংক্রান্ত কার্যক্রমকে সেলস সার্ভিস বা সার্ভিস চার্জ সেবার নামে অন্যান্য বিবিধ সেবার কোড ব্যবহার করে উপকরণ কর রেয়াত নেওয়া হয়েছে। এটি মূলত মূল্য সংযোজনের অংশ, তাই এই খাতে রেয়াত পাওয়ার সুযোগ নেই। নোটিশ অনুযায়ী প্রতিষ্ঠানটি ব্যবসায়ী হিসেবে নিবন্ধিত নয়, বরং একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান।

রেয়াতের অঙ্ক বছর বছর বেড়েছে। প্রথম বছর ২০২১-২২ অর্থবছরে সার্ভিস চার্জ, সেলস কমিশন ও ল্যাবের যন্ত্রপাতির বিপরীতে প্রতিষ্ঠানটি রেয়াত নিয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ টাকা। পরের বছর, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে রেয়াত নেওয়া হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ২৭৯ টাকা। তৃতীয় বছর ২০২৩-২৪ অর্থবছরে ২২১ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৬৩৬ টাকার পণ্য ও সেবার বিপরীতে রেয়াত ৩৩ কোটি ২৮ লাখ ১১ হাজার ২৪৫ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ৩২৪ কোটি ২২ লাখ ৬৯ হাজার ৯৩২ টাকার বিপরীতে নেওয়া হয়েছে ৪৮ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৪৯০ টাকা।

সবচেয়ে বেশি রেয়াত নেওয়া হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে। এই সময়ে স্কয়ার লাইফ সায়েন্সেস লিমিটেড ৩৫৫ কোটি ৪ লাখ ১৭ হাজার ৭৯৬ টাকার পণ্য ও সেবার বিপরীতে রেয়াত নিয়েছে ৫৩ কোটি ২৫ লাখ ৬২ হাজার ৬৬৯ টাকা। ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত এই খাতে ৯১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৭৬০ টাকার পণ্য ও সেবার বিপরীতে মোট রেয়াত ১৩৭ কোটি ৩ লাখ টাকার বেশি।

এ বিষয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর মোবাইলে একাধিক বার কল দিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েও সাড়া মেলেনি। অবশেষে স্কয়ারের দাপ্তরিক ইমেইলে প্রশ্ন পাঠানো হয়। তারও উত্তর মেলেনি।

মিছবাহ পাটওয়ারী

সম্পাদনা

মিছবাহ পাটওয়ারী

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট