নভেম্বরের শুরুতেই টানা তিন দিন ছুটির সুযোগ, পাবেন যারা

নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে। তবে ছুটি কার্যকর হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববার (৮ নভেম্বর) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা তিন দিনের ছুটি হতে পারে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।
এদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকাতেও শ্যামাপূজার ছুটি উল্লেখ করা হয়নি। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
