logo

মিডিয়ার স্বর্ণযুগ ফেরানোর অঙ্গীকার এশিয়া পোস্টের ভাইস চেয়ারম্যানের

মিডিয়ার স্বর্ণযুগ ফেরানোর অঙ্গীকার এশিয়া পোস্টের ভাইস চেয়ারম্যানের
এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠানে এশিয়া পোস্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোশাহেদ হাসান। ছবি: এশিয়া পোস্ট

গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও পেশাদারত্বের মানোন্নয়নে কাজ করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন এশিয়া পোস্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোশাহেদ হাসান।

সোমবার (১১ মে) সন্ধ্যায় অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন।

মোশাহেদ হাসান বলেন, গণমাধ্যম জাতির দর্পণ। আমরা এর হারানো গৌরব ফিরিয়ে আনব। আমরা চাচ্ছি বাংলাদেশের গণমাধ্যমের যে বিষয়টি আছে, সেটিকে আরও উন্নত করতে। সংবাদকর্মীদের জীবনমান উন্নয়নে সর্বনিম্ন মজুরি নিশ্চিত করা এবং সময়মতো বেতন প্রদান করা আমাদের অঙ্গীকার। কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমেই গণমাধ্যমের গুণগত পরিবর্তন সম্ভব।

গণমাধ্যমের সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবাসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে মিডিয়ার অবদান অনস্বীকার্য। মিডিয়ার সেই আগের গৌরবোজ্জ্বল সময় এখন কিছুটা ম্লান। তবে এশিয়া পোস্টের মাধ্যমে সেই ‘স্বর্ণযুগ’ আবার ফিরিয়ে আনা সম্ভব বলে আমি আশাবাদী।

ভাইস চেয়ারম্যান আরও বলেন, এশিয়া পোস্ট কেবল একটি সংবাদ মাধ্যম নয়, বরং এটি তথ্য ও সংবাদজগতে নতুন দিগন্তের উন্মোচন করবে। এই নতুন পথচলায় তিনি দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার সমর্থন, সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

এদিন নিরপেক্ষ সংবাদ পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।