logo

২৫ মার্চ কালরাতে দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’

২৫ মার্চ কালরাতে দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’

একাত্তরের ২৫ মার্চের ভয়াল গণহত্যা স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। 

সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে এই কর্মসূচির আওতামুক্ত থাকবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষা করতে হবে। সেজন্য ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। 

এর আগে গত ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা হয়। সভা শেষে স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না।