logo
Advertisement

আড়াই হাজারের বেশি ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিল এভারকেয়ার চট্টগ্রাম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আড়াই হাজারের বেশি ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিল এভারকেয়ার চট্টগ্রাম
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপনে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কর্মকর্তা। ছবি: হসপিটাল সৌজন্যে

চট্টগ্রামে ক্যানসার চিকিৎসায় বিশ্বমানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ২০২৩ সালের জুনে হাসপাতালটিতে চালু হয় কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার। এ পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। একই সময়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ছয়টি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি)।

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যানসার আক্রান্ত প্রায় ৬০ শতাংশ রোগীর চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ রোগী সময়মতো সঠিক রেডিওথেরাপি পেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসেন। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের জন্য আগে আধুনিক ক্যানসার চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে যেতে হতো। এভারকেয়ারে এই সুবিধা চালুর ফলে স্থানীয়ভাবেই মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও প্যালিয়েটিভ কেয়ারের সমন্বিত চিকিৎসা পাচ্ছেন রোগীরা।

হাসপাতালটির চিকিৎসকেরা জানান, রোগীদের ধরন ও প্রয়োজন অনুযায়ী এখানে আইএমআরটি, ভিএমএটি, হাইপোফ্র্যাকশনেটেড রেডিওথেরাপি, এসবিআরটি ও এসআরটির মতো আন্তর্জাতিক মানের রেডিয়েশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি দক্ষ ও সমন্বিত মেডিকেল টিম থাকা আবশ্যক। আমরা রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ।

ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট (মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি) প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মাদ ইউসুফ বলেন, চট্টগ্রামেই বিশ্বমানের চিকিৎসা সুবিধা তৈরি করা আমাদের লক্ষ্য ছিল। আড়াই হাজারের বেশি রোগীকে রেডিওথেরাপি দিতে পারা সেই অগ্রযাত্রারই একটি বড় অর্জন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রেডিওথেরাপি সার্ভিস কো-অর্ডিনেটর ডা. তানভীর আহমেদ এবং মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনকোলজি ও হেমাটোলজি বিভাগের চিকিৎসক ডা. ভাস্কর চক্রবর্তী, ডা. হাসনিনা আক্তার, ডা. নয়ন ভৌমিক এবং ডা. মেজবা উদ্দিন চৌধুরী।