ডেঙ্গু মোকাবিলায় লম্বা পাজামা-লুঙ্গি ও ফুলহাতা শার্ট পরার পরামর্শ

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী মানুষকে ফুলহাতা শার্ট, লম্বা পাজামা-লুঙ্গি পরার এবং মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে এবং বেসরকারি হাসপাতালগুলোকে মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালিবিধির ৭১ বিধিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের দেওয়া জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু পরিস্থিতির ওপর নজর রাখছে, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে, নিয়মিত মশা নিধনে স্প্রে করা হচ্ছে এবং লার্ভা ধ্বংসে ট্যাবলেট ছেটানো হচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানো, ফুলহাতা শার্ট পরা এবং পাজামা বা লুঙ্গি লম্বা করে পরার বিষয়ে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চালানো হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা সরকার গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্টের স্মরণকালের সর্বোচ্চ মজুত বর্তমানে সরকারের হাতে রয়েছে, যা অতীতে কোনো সরকারের ছিল না। পরীক্ষার কিট পর্যাপ্ত পরিমাণে মাঠপর্যায়ে সরবরাহ করা হয়েছে এবং কেন্দ্রীয় গুদামেও পর্যাপ্ত মজুত রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার ফি কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং পর্যাপ্ত কিট ও স্যালাইন মজুত রাখা হয়েছে বলে জানান তিনি।
সংসদে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২৮ জন। অন্যদিকে গত বছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছিল ৫৮ জনের।
মন্ত্রী বলেন, পরিসংখ্যান অনুযায়ী গতবারের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও কম। তবে সরকার এতে আত্মতুষ্টিতে ভুগছে না, কারণ এখনো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।
মশা নিধনে সিটি করপোরেশন ও পৌরসভার চলমান কার্যক্রমের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানান।
তিনি বলেন, মশা খুবই ক্ষুদ্র একটি পতঙ্গ। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে বিভিন্ন স্থানে পানি জমে থাকে। অনেক সময় বাড়ির ভেতরে মশক নিধনকর্মীদের প্রবেশেও বাধা দেওয়া হয়। তাই সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।





