টানা ষষ্ঠবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ ইউএস-বাংলার

দেশের অভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ ও বিমান পরিবহন খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে ২০২৫, ২০২৪, ২০২৩ ও ২০২২ সালের পর ২০২৬ সালেও একই স্বীকৃতি পেল বেসরকারি এই বিমান সংস্থা। এর আগে ২০১৫ সালেও ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছিল প্রতিষ্ঠানটি।
এবার বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি। বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে পেয়েছে সিলভার অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলার কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার জন্য প্রতিষ্ঠানটিকে প্রতিজ্ঞাবদ্ধ করবে।
