logo

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ সায়মাও মারা গেলেন

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ সায়মাও মারা গেলেন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সায়মাও (৩৫) মারা গেছেন। শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে পরিবারের একে একে সবার মৃত্যু হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই ঘটনায় মারা যান সায়মার স্বামী মো. কালাম (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে কথা (১০) এবং মুন্নি (৭)।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গিরিধারা এলাকার অবস্থিত ৯তলা একটি ভবনের নিচতলায় গত ১০ মে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে কালামের পরিবারের পাঁচ সদস্যই দগ্ধ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন সেসময় বলেন, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে থাকা রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়। সকালে কালাম সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচজনের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে মুন্নি ৩৫ শতাংশ ও কথা ৫২ শতাংশ দগ্ধ হয়।