logo

নির্বাচনে যারাই বিজয়ী হবে, তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যারাই বিজয়ী হবে, তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে যারাই বিজয়ী হবেন, তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। 

এ সময় গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাতে দুই পক্ষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে। ভবিষ্যতের ভালো নির্বাচনের জন্য এটি একটি মানদণ্ড তৈরি করবে।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে আশা করি। 

বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংস্থাটির সঙ্গে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আবেদন করেছে।

তিনি আরও বলেন, গত ১৮ মাসে সার্ককে পুনরুজ্জীবিত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি, যাতে দক্ষিণ এশিয়ার জনগণ ও অর্থনীতি আরও ঘনিষ্ঠ হতে পারে। আশা করছি, ভবিষ্যৎ সরকার এই উদ্যোগ এগিয়ে নেবে।

এ ছাড়া সাক্ষাতে বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর সাম্প্রতিক মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়।