logo

দেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে চায় মার্কিন কোম্পানি: ববি হাজ্জাজ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে চায় মার্কিন কোম্পানি: ববি হাজ্জাজ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে গোলটেবিল বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেল সিনার্জি রুমে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক গোলটেবিলে একথা জানান প্রতিমন্ত্রী।

আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আগ্রহ বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গোলটেবিল আলোচনায় এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।