পরিস্থিতি ঠিক হলে নিহত প্রবাসীদের মরদেহ আনা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে বিমান চলাচল শুরু হলে বিদেশে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরিফুল হক। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে প্রবাসে অবস্থানরত বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মস্থান মৌলভীবাজার সফর করেন আরিফুল হক চৌধুরী। এর আগে তিনি গত ১ মার্চ আসার কথা থাকলেও সেই সফর বাতিল করা হয়। মন্ত্রীর জন্মভূমিতে এই সফরকে স্থানীয়রা আবেগঘন ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। সফরকালে তিনি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলের বরুনা মাদ্রাসা পরিদর্শন করেন এবং পীর মুফতি রশিদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়িতে গিয়ে নিজের দাদা-দাদির কবর জিয়ারত করেন।