‘মব’ শব্দ ব্যবহারে সংযত হতে বললেন চিফ প্রসিকিউটর

‘মব’ শব্দ ব্যবহারে সংযত হতে বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, যারা ‘মব’ ব্যবহার করছেন, তাদের পেছনে ‘ইনহ্যারেন্ট বায়াস’ আছে কি না। এটা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস কি না দেখতে হবে।
তিনি বলেন, ‘মব’ শব্দটি ব্যবহারের আগে সংযত হওয়া উচিত। বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন বরদাশত করা যাবে না।
চিফ প্রসিকিউটর বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে অনেকে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ ভাবতেন। আমাকে ওপেন কোর্টে একজন বিচারপতি বলেছিলেন, মনে রাখবেন আল্লাহর পর শেখ হাসিনা, তারপর আমরা।
‘নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ’ ভাবা এমন অনেকে বিচার বিভাগে এখনো রয়ে গেছে। কেন সরানো যায়নি, এটা পর্যালোচনা করা উচিত বলে মনে করেন তিনি।