দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইন্টার্ন চিকিৎসকদের

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় যে ৪ দফা দাবি দেওয়া হয়েছে তা না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে এ ঘোষণা দেন তারা।
গত বুধবার (৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে কয়েকজন কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা চালায়। এ সময় হাসপাতাল এলাকায় একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং মবের অভিযোগ ওঠে।
ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি শেষে আজ শনিবার চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের শাস্তির দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ শেষে তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইন্টার্ন ডক্টরস সোসাইটির চার দফা দাবির অধিকাংশই তাদের সুপারিশমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিকিৎসকরা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, দ্রুত দোষীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে নাম-পরিচয় প্রকাশসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চিকিৎসকরা আরও জানান, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইন্টার্ন চিকিৎসকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।