logo

বিসিটিআইয়ের ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন তথ্যমন্ত্রীর

বিসিটিআইয়ের ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন তথ্যমন্ত্রীর

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ফলে এগুলোর ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড়ো চ্যালেঞ্জ।

রোববার (৫ এপ্রিল) জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, মানুষ স্বভাবতই অন্যের কথা শুনতে, বুঝতে এবং বিশ্বাস করতে চায়। এই বিশ্বাসকে কেন্দ্র করে সমাজে প্রভাবশালী ব্যক্তিরা মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারেন, যা একদিকে যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, অন্যদিকে অপব্যবহারের ঝুঁকিও রয়েছে।

তিনি বলেন, গণমাধ্যম, চলচ্চিত্র ও সৃষ্টিশীল খাতে যারা কাজ করেন, তাদের ওপর বর্তমানে বড়ো দায়িত্ব রয়েছে। নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অনুসরণ না করলে এই শক্তিশালী মাধ্যম সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। 

তিনি বলেন, সরকার ভবিষ্যতে সৃষ্টিশীল ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।

উদ্বোধনী বক্তব্যে তিনি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মানদণ্ড ও দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেওয়ার উপদেশ দেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, বিসিটিআইয়ের নির্বাহী পরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান এস এম আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।