logo

দুই পদ কীভাবে সামলাবেন, জানালেন খ‌লিলুর রহমান

দুই পদ কীভাবে সামলাবেন, জানালেন খ‌লিলুর রহমান
পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে কথা বলেন ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ড. খ‌লিলুর রহমান। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। দুই জায়গায় দা‌য়িত্ব পালনের প্রশ্নে তিনি বলেছেন, ‘দুই পদে দায়িত্ব পালনের নজির রয়েছে।’

দেশে ফেরার পর বৃহস্প‌তিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌ন তি‌নি। এ সময় জানতে চাইলে এমন কথা ব‌লেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে খ‌লিলুর রহমান বলেন, চাকরি ছাড়ব কি না, এটাই তো? ছুটি নেব কি না? ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এর নজির রয়েছে। আজ থেকে ৪০ বছর আগে, হুমায়ূন রশীদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ওই সময়টা ছিল ইন্টারনেট-পূর্ব যুগ। কিন্তু আজ আপনি নিরবচ্ছিন্নভাবে দুটো কাজই একসঙ্গে করতে পারেন। এটা এখন খুব স্বাভাবিক।’

উদাহরণ দিয়ে ড. খ‌লিলুর রহমান ব‌লেন, ‘এটা আমি আগেও পরিষ্কার করেছি। অনেকেই বলেন যে বর্তমানে যিনি রয়েছেন জার্মানির, উনিও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কিন্তু ওই পদ ছেড়ে তিনি কাজ করেছেন। বিষয়টা হচ্ছে, উনি গ্রিন পার্টির নেতা ছিলেন। তার দল গ্রিন পার্টি নির্বাচনে হেরে যায়। এ কারণে তিনি আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে পারেননি।’

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির বিজয় হওয়াকে বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ বিষয়ে তি‌নি বলেন, এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় প্রধানমন্ত্রীর। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ় ও অবিচলভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে ১০ বছরের এই রাস্তা ১০ সপ্তাহে অতিক্রম করতে পারতাম না। এই বিজয় বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি।’

দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এই মর্যাদাপূর্ণ পদ অর্জন করেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেটি অর্জন করেন।

আগামী এক বছরের জন্য সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব সামলাবেন ড. খলিলুর রহমান।