রাতের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’

সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ক্ষণে ক্ষণে। এর মধ্যেই দেশে আজ রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম বিডব্লিউওটি।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে এমন তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বিডব্লিউওটি।
পোস্টে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের এক পাশের আকাশ মেঘলা ও কিছু স্থানে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্য পাশে তথা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে।
তবে দেখে বোঝার উপায় নেই যে আজ রাতেই দেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়।
বিডব্লিউওটির তথ্যমতে, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে।
যেসব অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, সেগুলো হলো সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এ ছাড়া সারা দেশেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।