logo

লিটারে ২৫ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

লিটারে ২৫ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছে। 

এর আগে গত ২৪ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটার প্রতি দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটে দেশি ক্রেতা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের হযরত শাহ আমানত, সিলেটের ওসমানী, যশোর ও কক্সবাজার বিমানবন্দর থেকে জেট ফুয়েল সংগ্রহ করছেন। ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দরগুলোতেও নতুন মূল্য কার্যকর হবে।