পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পল কাপুর। তার ঢাকা সফরের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক জোরদার করা। সফরের সময় তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরের আলোচনার এজেন্ডায় রয়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায়।
সূচি অনুযায়ী, আজ তিনি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। এ ছাড়া সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত নৈশভোজে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের শেষ দিনে পল কাপুর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে এবং দুপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন। এদিন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনও করবেন।
পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।