১৮-৩৫ বছর বয়সীদের রাশিয়া ভ্রমণের সুযোগ

এশিয়া পোস্ট প্রতিবেদক
১৮-৩৫ বছর বয়সীদের রাশিয়া ভ্রমণের সুযোগ
ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের পোষ্টার। ছবি : সংগৃহীত

বিশ্বের যেকোনো দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব প্রতিনিধিদের সামনে রাশিয়া ভ্রমণের এক দুর্দান্ত সুযোগ এসেছে। সেই হিসেবে বাংলাদেশের তরুণ-তরুণীরাও এই সুযোগের আওতায় রাশিয়া ভ্রমণ করতে পারবেন।

Advertisement

‘দি আর্কটিক এক্সপেডিশন ২০২৬’-এ আবেদন করে আয়োজক কর্তৃপক্ষ রাশিয়ার ‘আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক রিসার্চ ইনস্টিটিউট’-এর সম্পূর্ণ অর্থায়নে দেশটিতে এই ভ্রমণ সম্পন্ন করা যাবে।

সম্প্রতি রাশিয়ার ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আয়োজনে যারা চূড়ান্তভাবে আমন্ত্রিত হবেন, তাদের সকল খরচ আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে। এর মধ্যে রয়েছে অংশগ্রহণকারীর নিজ দেশ এবং রাশিয়ার মধ্যকার যাতায়াত (বিমান টিকিট), আবাসন ও খাবারসহ যাবতীয় ব্যয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশটির ইয়ুগরা অঞ্চলে অনুষ্ঠিতব্য এই এক্সপেডিশনে আমন্ত্রিত অংশগ্রহণকারীরা স্থানীয় এলাকার উন্নয়ন, দুর্লভ উদ্ভিদ নিয়ে গবেষণা, ম্যুরাল তৈরি শেখা, নেভিগেশন সাইন এবং পৃথিবীর উত্তরাংশের আদিবাসী মানুষের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানার সুযোগ পাবেন। আবেদনকারীদের মধ্যে যারা পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং এবং গ্রিন ইনিশিয়েটিভের মতো কাজ তথা পরিবেশ নিয়ে কাজ করেন; অথবা কনস্ট্রাকশন ও পাবলিক স্পেস উন্নয়ন, ম্যুরাল, গ্রাফিতি ও অন্যান্য স্ট্রিট আর্ট নিয়ে কাজ করেন; এবং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সোশ্যাল মিডিয়া ও সাংবাদিকতার মতো মিডিয়া, কমিউনিকেশনস এবং স্থাপত্যশিল্প নিয়ে কাজ করেন, বাছাই প্রক্রিয়ায় তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। অন্যান্য বিষয় নিয়ে কর্মরত তরুণরাও অবশ্য এতে আবেদন করতে পারবেন।

আগামী ২ থেকে ৯ আগস্ট বেলোইয়ার্স্কি’তে এবং ১৬ থেকে ২৩ আগস্ট বেরিওজোভস্কি জেলায় এই এক্সপেডিশন অনুষ্ঠিত হবে। একজন অংশগ্রহণকারী যেকোনো একটিতে অংশ নিতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ জুন।

আগ্রহীদের অনলাইনে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে—

https://forms.yandex.ru/u/6a1e9e6402848f245ae44efd/।