logo

শেখ মুজিবের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

শেখ মুজিবের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা সুবিধা আইন ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে জাতীয় সংসদে পাস হয়েছে। এর মধ্য দিয়ে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকা রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা বাতিল হলো।

বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন)’ জারি করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ মে এই আইনের অধীনে পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কেবল একটি পরিবারের জন্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান বৈষম্যমূলক হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। পরবর্তীতে সেই অধ্যাদেশকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হলে তা পাস হলো।

এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের আইনটি বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে আইনটি বাতিল করা হয়।

‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা’ আইনটি জারি করা হয় ২০০৯ সালে । আইনটির অধীনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা এত দিন বিশেষ নিরাপত্তা পেতেন। আইনটি বাতিল হওয়ায় এখন আর সেই সুযোগ থাকবে না।