logo

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি
মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

বগুড়ায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদকসহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে বলে আশা করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ারও অনুরোধ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে। এ প্রেক্ষাপটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া প্রতিমন্ত্রীকে নিয়ে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৫ জুন প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম। শুনানি শেষে বিচারক মেহেদী হাসান অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি শামস এবং ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার আবেদনে বলা হয়, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়, যা বাদীপক্ষের দাবি অনুযায়ী বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে মামলা দায়েরের পর শুক্রবার (১৯ জুন) দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।