অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন যেভাবে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের ভোগান্তি কমাতে ও আয়কর প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) জমার ব্যবস্থা চালু করেছে। এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বা কর অঞ্চলে না গিয়েই ঘরে বসে মাত্র কয়েক মিনিটে অনলাইনে রিটার্ন জমা দেওয়া সম্ভব।
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য সঠিক নিয়ম ও ধাপগুলো নিচে তুলে ধরা হলো:
নিবন্ধনের প্রস্তুতি ও প্রয়োজনীয় তথ্য ই-রিটার্ন জমা দেওয়ার আগে কিছু প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখা প্রয়োজন:
- ১২ ডিজিটের ই-টিআইএন (TIN) নম্বর।
- করদাতার নিজের নামে নিবন্ধিত বায়োমেট্রিক বায়োমেট্রিক সিম সংবলিত মোবাইল নম্বর (যেটিতে ওটিপি বা OTP আসবে)।
- জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর।
- সংশ্লিষ্ট কর বছরের আয়, ব্যয়, ব্যাংক হিসাবের তথ্য, বিনিয়োগ ও সম্পদসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র।
পোর্টাল রেজিস্টার করা
প্রথমেই এনবিআরের অফিশিয়াল ই-রিটার্ন পোর্টালে (ecaretax.gov.bd) প্রবেশ করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট করা না থাকলে ‘Register’ বাটনে ক্লিক করে ই-টিআইএন ও বায়োমেট্রিক সিমের ফোন নম্বর দিয়ে ওটিপি যাচাই করতে হবে। এরপর একটি শক্ত পাসওয়ার্ড তৈরি করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সাইন-ইন ও তথ্য পূরণ
রেজিস্ট্রেশন শেষে টিআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে সাইন-ইন করুন। এরপর ‘Single Year Return’ বেছে নিয়ে ‘Prepare Return’ অপশনে যান। সেখানে আয়কর বর্ষ (Tax Year), আয়ের উৎস এবং কর অঞ্চলের তথ্য সঠিকভাবে নির্বাচন করতে হবে।
আয়, ব্যয় ও সম্পদের হিসাব দেওয়া
পরবর্তী ধাপে করদাতার মূল আয়ের উৎস (যেমন: বেতন, বাড়ি ভাড়া, ব্যবসা বা অন্যান্য) অনুযায়ী আয়ের হিসাব দিতে হবে। এরপর নিয়ম অনুযায়ী করছাড় বা রেয়াত পেতে প্রযোজ্য বিনিয়োগের (যেমন: জীবন বীমা, ডিপিএস, সঞ্চয়পত্র ইত্যাদি) তথ্য পূরণ করুন। সবশেষে ব্যক্তিগত পারিবারিক ব্যয় এবং স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।
কর গণনা ও রিটার্ন প্রিভিউ
সব তথ্য পূরণের পর সিস্টেম থেকে সয়ংক্রিয়ভাবে মোট আয়কর এবং প্রযোজ্য করের হিসাব (যদি থাকে) দেখিয়ে দেওয়া হবে। অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বকেয়া কর পরিশোধের সুযোগ রয়েছে। শূন্য রিটার্ন (Zero Return) হলে কোনো কর দিতে হবে না। ‘Tax Return View’ অপশনে ক্লিক করে জমাকৃত সব তথ্য পুনরায় ভালোভাবে যাচাই করে নিন।
সাবমিট ও একনলেজমেন্ট স্লিপ গ্রহণ
সব তথ্য সঠিক থাকলে ‘Submit Return’ বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিট করুন। রিটার্ন জমা সফল হলে স্ক্রিনে একটি নিশ্চিতকরণ বার্তা আসবে। এরপর ‘Acknowledgement Receipt’ বা প্রাপ্তিস্বীকার পত্রটি ডাউনলোড করে প্রিন্ট বা সেভ করে রাখুন। এটিই আপনার কর জমার অফিসিয়াল প্রমাণপত্র হিসেবে গণ্য হবে।
.png)






