logo

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে বিরোধী দলের এমপি শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেস ওয়ানের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটির পিপিপি অনুমোদিত হয়েছে। এর কাজ ২০২৯ সালের মধ্যে সমাপ্তি হবে।

তিনি বলেন, এর মধ্যে ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার রয়েছে। অবশিষ্ট যে অংশ প্রায় ৪৮ কিলোমিটারের সেটির ফিজিবিলিটি স্টাডি চলমান। জাইকার সঙ্গে অর্থায়নের জন্য আলোচনা চলছে। এই মহাসড়কের বাকি অংশ চার লেনে উন্নীত করার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারব।

তিনি বলেন, কোনো সন্দেহ নেই এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, দুর্ঘটনা ঘটছে। তবে দুর্ঘটনা প্রবল এলাকাগুলোতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

দুর্ঘটনাপ্রবণ হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার দাবি দীর্ঘদিনের। ১৫৯ কিলোমিটার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য একাধিকবার সমীক্ষা চালানো হয়েছে।