দশ টাকায় পাঠানো যাবে এক কেজি পণ্য

এশিয়া পোস্ট ডেস্ক
দশ টাকায় পাঠানো যাবে এক কেজি পণ্য
স্পিড পোস্ট বাংলাদেশ ডাক বিভাগের কুরিয়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

দেশের ই-কমার্স খাত ও সাধারণ গ্রাহকদের জন্য বাংলাদেশ ডাক বিভাগ চালু করেছে তাদের বিশেষায়িত পার্সেল পরিবহন সেবা ‘স্পিড পোস্ট’।

সাশ্রয়ী মূল্যের এই সেবায় গ্রাহকেরা প্রথম ১ কেজি ওজনের পার্সেল দেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন মাত্র ১০ টাকায়, এবং পরবর্তী প্রতি কেজির জন্য মাশুল লাগবে মাত্র ৫ টাকা। ঢাকায় ২৪ ঘণ্টা এবং ঢাকার বাইরে ৪৮ ঘণ্টার মধ্যে সবচেয়ে কম খরচে দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে এ উদ্যোগ।

এ সেবাকে আরও গতিশীল করতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে ১১টি ফ্র্যাঞ্চাইজি মডেল পোস্ট অফিস এবং ই-কমার্স সহায়তার জন্য ১৪টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে তারা একটি ডিজিটাল ‘ডাক মাশুল ক্যালকুলেটর’ চালু করেছে, যার মাধ্যমে পার্সেল পাঠানোর আগেই অনলাইনেই এর সঠিক খরচ হিসাব করা সম্ভব।

এ ছাড়া স্পিড পোস্টের সুবিধা হলো এর ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, যার মাধ্যমে পণ্য বুকিং করার পর সেটি বর্তমানে কোথায় অবস্থান করছে, তা গ্রাহকেরা ঘরে বসেই পর্যবেক্ষণ করতে পারছেন। দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘরের সুবিশাল নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনো প্রত্যন্ত এলাকা থেকে এখন পণ্য বুকিং ও ডেলিভারি দেওয়া সহজতর হয়েছে।

নিকটস্থ নির্ধারিত ডাকঘরে পার্সেলটি নিয়ে আসার পর মাশুল পরিশোধ করলেই ট্র্যাকিং নম্বরসহ একটি অফিসিয়াল রসিদ দেওয়া হয়। এরপর ঢাকার ভেতরে মাত্র ২৪ ঘণ্টায় এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেলটি গন্তব্যে পৌঁছে যায়। রাজধানীর গ্রাহকেরা দ্রুত পার্সেল আদান-প্রদানের জন্য ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি ও ওয়ারীসহ গুরুত্বপূর্ণ ২১টি সাবপোস্ট অফিস ব্যবহার করতে পারছেন।

স্পিড পোস্ট সেবা নিয়ে যে কোনো জিজ্ঞাসা, তথ্য বা অভিযোগের জন্য ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।