শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসী কার্ড শিগগিরই চালু করা হবে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, স্পেনে অনিবন্ধিত ২৫ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের বৈধকরণের জন্য আমরা প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে বসে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে কীভাবে সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেব।
মন্ত্রী বলেন, আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন, বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে, সেগুলো কীভাবে আবার চালু করা যায়।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাসখানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।
এদিন বিকেলে নিজ সংসদীয় এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, অবৈধভাবে বালুমহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।