সুখরঞ্জনকে ট্রাইব্যুনাল এলাকা থেকে অপহরণে জড়িত এএসপি ফজলু: ডিবি

এশিয়া পোস্ট প্রতিবেদক
সুখরঞ্জনকে ট্রাইব্যুনাল এলাকা থেকে অপহরণে জড়িত এএসপি ফজলু: ডিবি
সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসংলগ্ন এলাকা থেকে অপহরণ ও গুমের ঘটনায় সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ দাবি করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে এএসপি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তদন্তে তারা জানতে পেরেছেন, ২০১২ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সুখরঞ্জন বালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে একটি চড় মারেন, শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। ওই ঘটনায় তিনি এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে ডিবির তদন্তে উঠে এসেছে।

ডিবি জানিয়েছে, এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।