Advertisement

শিকদার মেডিকেলে দেশীয় অস্ত্রসহ আটক ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
শিকদার মেডিকেলে দেশীয় অস্ত্রসহ আটক ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চোরচক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তারা হলেন- মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)।

বুধবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো. আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপ-পরিচালক আশিকুজ্জামান জানান, ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে কিছুক্ষণ পর চোরচক্রটি পুনরায় হাসপাতালে ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। এ অবস্থায় আনসার সদস্যরা বিচলিত না হয়ে দ্রুত অতিরিক্ত সদস্যদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা করেন।

একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ (চাপাতি) চক্রের তিন সদস্য— মো. রনি, সাব্বির ও সালামকে হাতেনাতে আটক করা হয়। তবে চক্রের অন্য সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি চাপাতি জব্দ করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।