অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে যেখানে অভিযোগ জানাবেন

গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার যেকোনো সমস্যায় সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির সঙ্গে অথবা পূর্বে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের প্রতি এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বেশ কিছু অভিযোগ বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে। গ্রাহক হয়রানি লাঘবের উদ্দেশ্যে এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো সমস্যায় গ্রাহকদের ভোগান্তি কমাতে সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির সঙ্গে অথবা নিচে উল্লেখিত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর হটলাইন নম্বর:
- বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
- বিপিডিবি (BPDB) কল সেন্টার: ১৬২০০
- পবিবো (REB) কল সেন্টার: ১৬৮৯৯
- ডিপিডিসি (DPDC) কল সেন্টার: ১৬১১৬
- ডেসকো (DESCO) কল সেন্টার: ১৬১২০
- নেসকো (NESCO) কল সেন্টার: ১৬৬০৩
- ওজোপাডিকো (WZPDCO) কল সেন্টার: ১৬১১৭





