logo

গরমের উত্তাপ আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

গরমের উত্তাপ আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

চৈত্রের তৃতীয় সপ্তাহ শেষ। এ সময় ঝাঁঝালো রোদ আর গরম অনুভূত হচ্ছে দেশের ১৫ জেলায়। টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলায় বয়ে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে।

শনিবার (৪ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, গরমের এই উত্তাপ চলতে পারে আরও দুই দিন।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

শনিবার দিনভর রোদের উত্তাপ ছিল ঢাকায়ও। এদিন এই নগরে তাপমাত্রার পারদ উঠেছিল সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এমন গরমে হাঁসফাঁস করেছেন পথচারী আর শ্রমজীবী মানুষ।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘৬ তারিখে (সোমবার) ঢাকাসহ প্রায় সব বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এর আগ পর্যন্ত এ রকম উত্তাপ বজায় থাকবে।’

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এ জেলায় তাপমাত্রার পারদ ঠেকেছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।