বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে তিন খাত: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন পারিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার বাজেট: বাজেটের শিক্ষা’–বিষয়ক প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থান—এগুলো প্রাধান্য পাবে। সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এই তিন খাত।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে।
৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর আগ্রহের কথাও জানান ববি হাজ্জাজ।
আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক মনজুর আহমদ, ব্রিটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী।