Advertisement

মোহাম্মদপুরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, চট্টগ্রাম থেকে ৪ যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, চট্টগ্রাম থেকে ৪ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার চার যুবক। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরে এক পুলিশ সদস্যের ওপর সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম থেকে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ ফেরদাউস জামান ও এসআই মাজহারুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন নোয়াখালীর মাইজদীর শরীফ উদ্দিন বাবু (২১), কুমিল্লার চান্দিনার নাজমুল হাসান (২৩), ফেনীর সোনাগাজীর মো. ইমন (২৩) এবং চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদের মো. জুয়েল (২২)। তারা চট্টগ্রামের ষোলশহরের আল ফালাহ গলিসহ আশপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন।

ডিএমপির তেজগাঁও বিভাগ জানায়, গত ২৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিংয়ের একটি বাসার সামনে পুলিশ সদস্য মো. ওসমান গনি ওরফে ফয়সালের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় পরদিন মোহাম্মদপুর থানায় দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই অভিযুক্তরা ঢাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ, গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর চট্টগ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হামলার নেপথ্যের কারণ এবং ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ মামলায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার তদন্ত শেষে হামলার প্রকৃত উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।