logo

সংবিধানে লেখা আছে, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে লেখা আছে, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বনানী পূজামণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, আমাদের সমস্ত ভাই-বোন, যারা যে ধর্মাবলম্বীর হোন, আমাদের সংবিধান তাদের অধিকার দিয়েছে সমস্ত আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে করার। এ সময় ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, বিষয়টি সংবিধানে লেখা আছে বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেককেই বক্তব্য দিতে শুনি যে নিরাপত্তা দিতে হবে, নিরাপদভাবে পূজা উদযাপন করতে হবে, সব নিরাপত্তার চাদরে ঢাকতে হবে। এটা আমাদের খারাপ লাগে। আমাদের সমস্ত ভাই-বোন, যারা যে ধর্মাবলম্বীরই হোন, আমাদের সংবিধান তাদের অধিকার দিয়েছে। সমস্ত আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে করার, ধর্ম চর্চা করার, উপাসনালয় করার এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সেটা সংবিধানে লেখা আছে। তারপরও এই শঙ্কা কেন আসে, সেটা জাতীয় জীবনে আমাদের জন্য খুব দুঃখজনক।

এমন শঙ্কা আসা কোনো সময়েই উচিত না মন্তব্য করে মন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই কোনো না কোনো ধর্মে সংখ্যাগরিষ্ঠতা থাকে। কিন্তু সব ধর্মাবলম্বী সব দেশে থাকেন কম-বেশি। সবাই ন্যাশনাল হিসেবে থাকেন, সিটিজেন হিসেবে থাকেন এবং সবার অধিকারই স্বীকৃত থাকে।

এ সময় মন্ত্রী মজার ছলে বলেন, আমাদের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ পূজামণ্ডপ এবার, সর্বোচ্চ বরাদ্দও এবার, সর্বোচ্চ ছুটিও এবার, সর্বোচ্চ আনন্দ উৎসবও এবার; ভোটও হয়েছে সর্বোচ্চ এবার।

আহ্বান জানিয়ে সালাহউদ্দীন আহমদ বলেন, আপনাদের ধর্মাবলম্বী হিসেবে আমরা সব সময় গণ্য করি, করব। কেউ কেউ হয়তো সম্প্রদায় হিসেবে গণ্য করে। অতীতে আপনাদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা অনেকেই লুটেছে, আমরা সেই প্রসঙ্গে যাব না। কিন্তু বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনারা নিজেরাই বিচার করবেন, কোন সময়ে, কোন গণতান্ত্রিক সময়ে আপনাদের সব গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে।