ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু ও আহত হলে পরিবার পাবে অর্থসহায়তা

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নতুন নীতিমালা জারি করেছে। এর মধ্যে রয়েছে নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে অসুস্থতা, দুর্ঘটনা বা মৃত্যুর শিকার হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও অনুদান দেওয়া হবে।
বুধবার (১০ জুন) ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত এ-সংক্রান্ত নীতিমালার তথ্য জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে ওই ব্যক্তির পরিবার। গুরুতর আহত হয়ে শারীরিকভাবে স্থায়ী অক্ষম হলে সর্বোচ্চ চার লাখ টাকা, গুরুতর আহত হয়ে সাময়িক অক্ষম হলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং সাধারণ আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
এ ছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ছয় লাখ টাকা অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে নীতিমালায়। আর গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হবে।
আরও বলা হয়, দায়িত্বরত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ তিন লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ দুই লাখ টাকা দেওয়া হবে।
যেভাবে মিলবে অনুদান
ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারকে অনুদানের জন্য নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদনের পর অনুদানের অর্থ দেওয়া হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এর আগে এ ধরনের সহায়তার বিষয়ে সুস্পষ্ট ও সমন্বিত কোনো নীতিমালা ছিল না। নতুন নীতিমালার মাধ্যমে অনুদান প্রদানের প্রক্রিয়া এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। ফলে ভবিষ্যতে এ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে।
