রাজধানীতে সন্ধ্যায় বজ্রবৃষ্টি ও রাতে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

চৈত্র মাসের প্রখর রোদে চারদিকে দাবদাহ ও অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। এই অবস্থায় একপশলা বৃষ্টির এনে দেয় স্বস্তি। তবে আশঙ্কার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। তবে এই সময়ে রাঙামাটি ও ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে রাজধানীসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। বুধবার (১৮ মার্চ) এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক নিজের আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, ঢাকা শহরের মানুষ বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে ৬টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারে।
আর ঢাকার পাশের জেলা গাজীপুরের বাসিন্দারা বিকেল ৫টার পর থেকে সাড়ে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারেন। অন্যদিকে রাজশাহী শহরের মানুষ বিকেল সোয়া ৫টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারে।