ভারতীয় কূটনীতিকদের পরিবার ফেরানোর কারণ খুঁজে পাচ্ছি না : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে অবস্থানরত ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পেছনে কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার ভাষায়, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যাতে ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরত নেওয়ার বিষয়ে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেতের কথা বাংলাদেশকে জানানো হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, শঙ্কা নেই। আর সংকেত কী— আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। তারা চাইলে যেকোনো সময় তাদের কর্মীদের পরিবারকে দেশে ফিরিয়ে নিতে পারে।
তিনি আরও বলেন, তারা কেন এই সিদ্ধান্ত নিয়েছে, তার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পাচ্ছি না। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি, যাতে বলা যায় তাদের কর্মকর্তা বা পরিবার বিপদে রয়েছে। হয়তো তাদের মনে কোনো আশঙ্কা থাকতে পারে, কিংবা তারা কোনো বার্তা দিতে চাইছে— তা হতে পারে। কিন্তু এর মধ্যে সুনির্দিষ্ট কোনো বার্তা আমি দেখতে পাচ্ছি না।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিশন যদি তাদের পরিবার-পরিজনকে ফিরিয়ে নিতে চায়, সে বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ব্যাঘাত ঘটেনি, বলেন তিনি।
নির্বাচনকেন্দ্রিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে নির্বাচনকালীন সময়ে ছোটখাটো সংঘর্ষ বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটতই। এবারও তার চেয়ে বেশি কিছু হয়েছে বলে মনে হয় না। ভারত আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ বা বার্তা দিয়েছে কি না— এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তারা বিপদে আছেন, এমন কোনো তথ্য আমাদের জানানো হয়নি।