Advertisement

কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে: হেফাজতে ইসলাম

এশিয়া পোস্ট ডেস্ক
কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে: হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর লোগো। ছবি: সংগৃহীত

যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসার বিরুদ্ধে ‘কাঠামোগত অপপ্রচার’ চলছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এর তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কওমি মাদরাসাগুলো সেক্যুলারদের টার্গেটে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন হেফাজত নেতারা।

বিবৃতিতে হেফাজত আমির ও মহাসচিব বলেন, সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসাগুলোর বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ভূমিকার কারণে এবং বাংলাদেশে ইসলামকে ক্ষমতার ভরকেন্দ্রে ধরে রাখায় কওমি মাদরাসাগুলো ঘৃণাজীবী সেক্যুলার প্রগতিশীলদের টার্গেটে পরিণত হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এদেশে ইসলামি মূল্যবোধ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই আক্রান্ত হয়েছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের ধারা বহনকারী কওমি মাদরাসা রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশবিরোধী শাহবাগী শক্তিকে প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিল কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

জায়গা-জমি দখলের চক্রান্তের অংশ হিসেবে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তুলে ভূমিদস্যুরা মিডিয়া ট্রায়ালের সুযোগ নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় দেশের ছোট-বড় সব মাদ্রাসায় শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা নিতে পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা।