logo

ঈদে যানজট এড়াতে ৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর

ঈদে যানজট এড়াতে ৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যানজট এড়াতে তিন দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ঈদের আগের তিন দিন সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক সড়কে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৪ মার্চ) রাজধানীর সেতু ভবনে ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন সেতু ও সংশ্লিষ্ট সড়কপথ ব্যবহারকারী যাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এ সভার আয়োজন করা হয়।

সভায় মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করারও আহ্বান জানান তিনি।

সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর নির্মাণসামগ্রী সড়কের পাশে এলোমেলোভাবে ফেলে না রেখে যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়, যাতে যান চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার কথাও বলা হয়। এ ছাড়া যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, ঈদে সেতুগুলোতে যানবাহনের চাপ বাড়তে পারে। এ কারণে সেতুর টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) ব্যবস্থা সচল রাখা হবে, যাতে কার্ড ব্যবহারকারী যানবাহন দ্রুত টোল পরিশোধ করে সেতু পার হতে পারে।

গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও টোল প্লাজাগুলোতে নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরা চালু রাখার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত টোল আদায়ের সুবিধার্থে বুথগুলোতে পর্যাপ্ত খুচরা টাকার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়।

সভায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাতে সড়ক ও সেতুতে চলাচল করে যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির কথা বলা হয়। এ ক্ষেত্রে মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

এদিকে যানজট কমাতে সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক ঈদের আগে ও পরে সাত দিন সীমিতভাবে চলাচল করবে এবং ঈদের আগের তিন দিন এসব ট্রাক পুরোপুরি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

তবে খাদ্যপণ্য, ওষুধ, জ্বালানি ও দ্রুত নষ্ট হয় এমন নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চলাচল যেন স্বাভাবিক থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও সভায় উল্লেখ করা হয়।

সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।