৬১ হাজার টন এলএনজি নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার ৫০০ টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ নামে আরেকটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সমুদ্রগামী জাহাজ চলাচলের রিয়েল-টাইম ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে লাইবেরিয়ান পতাকাবাহী নিউ ব্রেফ জাহাজটি বহির্নোঙরে এসে পৌঁছায়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বাংলাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পেট্রোবাংলা যে তিনটি বড় এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করেছে, এটি তার মধ্যে দ্বিতীয়। এর আগে ২৬ মার্চ ‘এইচএল পাফিন’ নামে একটি জাহাজ অস্ট্রেলিয়া থেকে প্রায় ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে এসেছে।
জাহাজটি বর্তমানে মহেশখালীর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ভাসমান টার্মিনালে গ্যাস খালাস শুরু করেছে। আরপিজিসিএলের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির এশিয়া পোস্টকে বলেন, এইচএম পাফিন শুক্রবার দেড়টায় মহেশখালীর ভাসমান টার্মিনালে গ্যাস খালাস শুরু করে। খালাস শেষ করতে ৪৮ ঘণ্টার মতো সময় লাগবে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এলএনজির সবচেয়ে বড় ব্যবহার হয় বিদ্যুৎকেন্দ্রে। দেশে উৎপাদিত বিদ্যুতের একটি বিশাল অংশ গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে আসে। পেট্রোবাংলার পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে এই সিরিজের তৃতীয় জাহাজ ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ আসার কথা রয়েছে। এই জাহাজটি আসলে এপ্রিল মাসেও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।