logo

সিওয়াইবির নতুন কেন্দ্রীয় সভাপতি মুন্না, সম্পাদক সুলতান

সিওয়াইবির নতুন কেন্দ্রীয় সভাপতি মুন্না, সম্পাদক সুলতান

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসাইন মুন্নাকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেন সিসিএসের নির্বাহী পরিচালক ও সাংগঠনিক প্রধান পলাশ মাহমুদ। আগামী ১ মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

ইতোপূর্বে মোহাম্মদ দেলোয়ার হোসাইন সিওয়াইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের এবং সুলতান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

সিসিএসের নির্বাহী পরিচালক ও সাংগঠনিক প্রধান পলাশ মাহমুদ বলেন, সিসিএস ও সিওয়াইবি ভোক্তা অধিকার বিষয়ে এ দেশের সাধারণ মানুষ ও যুবসমাজকে সচেতন করতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। সিওয়াইবির নতুন নেতৃত্ব দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভোক্তা অধিকারের কার্যক্রমকে বেগবান করতে ভূমিকা রাখবে। 
 
সিওয়াইবির নতুন কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন বলেন, সিওয়াইবি শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার এবং তাদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। 

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।