logo
Advertisement

অবসরপ্রাপ্ত ৪৪ হাজার শিক্ষক-কর্মচারীর আবেদন ঝুলে আছে: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
অবসরপ্রাপ্ত ৪৪ হাজার শিক্ষক-কর্মচারীর আবেদন ঝুলে আছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪৪ হাজার কল্যাণ সুবিধা প্রাপ্তির আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Advertisement

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, এসব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির জন্য এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদানের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কল্যাণ ট্রাস্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে ইতোমধ্যে ৯ হাজার ২৮৪ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ৫৫৩ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৮৭৪ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছে। ২০২৩ সালের জুন ও জুলাই পর্যন্ত জমাকৃত আবেদনগুলোরও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে এবং অর্থ পরিশোধের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সরকার দ্রুত বকেয়া আবেদন নিষ্পত্তিতে কাজ করে যাচ্ছে।