নতুন দায়িত্ব পেলেন দুই মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। এখন থেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছাড়া যেসব মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে, সেসব মন্ত্রণালয় বা বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি দেখবেন তারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ওই প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান সেসব মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ-সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে তার অনুপস্থিতিতে সংসদে এসব বিষয়ের দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়-সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে তার অনুপস্থিতিতে সংসদে এসব বিষয়ের দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

