গণপূর্তের প্রধান প্রকৌশলীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন চৌধুরীকে নিয়ে ‘ফুপুর ফাঁপরে জালিয়াতিতে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তা গণপূর্তের প্রধান প্রকৌশল’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
সোমবার (১১ আগস্ট) গণপূর্ত অধিদপ্তরের আইন কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ ইকরামুল হক সরকার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা দাবি করা হয়। প্রতিবাদলিপিটি এশিয়া পোস্টের সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
এর আগে দুপুরে এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনে গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন চৌধুরীর পদোন্নতি, মামলা, বদলি ও টেন্ডার কার্যক্রম নিয়ে নানা অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে প্রতিবাদলিপিতে দাবি করেছে গণপূর্ত অধিদপ্তর।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রধান প্রকৌশলী হিসেবে মো. দেলোয়ার হোসেন চৌধুরীর পদায়ন এবং তার আগের পদোন্নতিগুলো সরকারি নিয়মকানুন, মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোনো রাজনৈতিক তদবির বা আত্মীয়তার প্রভাব খাটিয়ে জ্যেষ্ঠতা ডিঙিয়ে তিনি পদোন্নতি পেয়েছেন—সংবাদে করা এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে অধিদপ্তর।
গণপূর্ত অধিদপ্তরের প্রতিবাদে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর রমনা থানার কোনো মামলায় জ্যেষ্ঠ প্রকৌশলীদের নাম জড়ানোর অভিযোগও সত্য নয়। প্রতিবাদে বলা হয়, ওই মামলার সঙ্গে অধিদপ্তরের দাপ্তরিক কোনো সম্পর্ক নেই। এছাড়া সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বিভাগীয় তথ্যের ভিত্তিতে পদোন্নতির সিদ্ধান্ত নেয়। ফলে কাউকে মামলায় জড়িয়ে পদোন্নতি পাওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে বদলি ও টেন্ডার-বাণিজ্যের যে অভিযোগ করা হয়েছে, সেটিকেও কাল্পনিক বলেছে গণপূর্ত অধিদপ্তর। সংস্থাটির দাবি, অধিদপ্তরের সব বদলি প্রশাসনিক প্রয়োজন ও প্রচলিত নিয়ম মেনে করা হয়ে থাকে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ফের সুযোগ দেওয়ার অভিযোগও সঠিক নয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বর্তমানে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি ব্যবস্থায় টেন্ডার কার্যক্রম পরিচালিত হয়। এই ব্যবস্থায় ব্যক্তিগত হস্তক্ষেপ কিংবা কমিশন-বাণিজ্যের কোনো সুযোগ নেই।
ভুয়া অফিস লেটার ও শিক্ষা ছুটি সংক্রান্ত একটি মীমাংসিত দাপ্তরিক বিষয়কে সংবাদে বাড়িয়ে তুলে ধরা হয়েছে বলেও দাবি করেছে গণপূর্ত অধিদপ্তর। একই সঙ্গে বিষয়টিতে রাজনৈতিক রং দিয়ে বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করা এবং প্রধান প্রকৌশলীর স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করতে কোনো স্বার্থান্বেষী মহলের ইশারায় সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে অধিদপ্তর মনে করে।
.png)


