logo

নতুন এমপিদের সাবেক স্পিকার শপথ পড়াতে পারবেন না : আসিফ নজরুল

নতুন এমপিদের সাবেক স্পিকার শপথ পড়াতে পারবেন না : আসিফ নজরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি থেকে মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। এ ছাড়া নির্বাচনের তিন দিনের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মাধ্যমেও শপথ পড়ানোর বিধান রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

ড. আসিফ নজরুল বলেন, সংবিধান অনুসারে নতুন সংসদ সদস্যরা স্পিকার অথবা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তাদের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে। তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে তাদের দিয়ে শপথ গ্রহণের কোনো সুযোগ নেই। 

তিনি বলেন, দুটি অপশন আছে আমাদের সামনে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন। উদাহরণ হিসেবে প্রধান বিচারপতি হতে পারেন। অন্যথায় প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। সে ক্ষেত্রে তিন দিন অপেক্ষা করতে হবে। 

 

আইন উপদেষ্টা বলেন, আমরা অপেক্ষা করতে চাই না।  আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব, শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।