logo

ঢাকায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় নিজ বাসা থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তৌসিফ শাহরহিয়ার (১৮) ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৬ জুন) সকালে বনশ্রীর একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালু এস আলম জানান, তৌসিফ পরিবারের সঙ্গে বনশ্রীর ই-ব্লকের একটি বাসায় বসবাস করতেন। সকালে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার কোনো মন্তব্য করতে পারেনি।

তিনি আরও জানান, তৌসিফের গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামে। তিনি আব্দুল জলিলের একমাত্র সন্তান ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।