বাংলাদেশ থেকে কর্মী নেবে কাতার, যেতে পারবেন যারা

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ থেকে কর্মী নেবে কাতার, যেতে পারবেন যারা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। এর মধ্যে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং খাতে কর্মী নিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি।

সোমবার (১৮ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি। বৈঠক শেষে প্রবাসীকল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশে কাতারের আরও কয়েকটি ভিসা সেন্টার অনুমোদন দেওয়ার অনুরোধ করেছে ঢাকা।

তিনি বলেন, তারা (কাতার) ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লামবিং খাত নিয়ে কথা বলেছে। তারা অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। আমরাও এ বিষয়ে তাদের উৎসাহিত করছি। আমরা দক্ষ কর্মী তৈরি করে পাঠাব।

বাংলাদেশি কর্মীদের জন্য কাতার ‘অত্যন্ত আকর্ষণীয়’ শ্রমবাজার, এমনটা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমানে ৪ লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারের উন্নয়ন ও অগ্রযাত্রায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখছেন।’

২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর কাতার কর্তৃপক্ষ এই সংখ্যার দ্বিগুণ কর্মী গ্রহণ করবে।

বৈঠকে উপস্থিত থাকা প্রতিমন্ত্রী মো. নুরুল হক গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যের সঙ্গে বিএনপি সরকারের একটা ভালো সম্পর্ক ছিল। আজ দুই দেশের যৌথ মিটিং হয়েছে। সেখানে আমাদের অগ্রাধিকার ছিল অধিক সংখ্যক লোক কীভাবে পাঠানো যায়। কাতারে ইমাম ও মুয়াজ্জিন যান। মাঝখানে তাদের যাওয়াটা কমে গেছে। আমরা সংখ্যাটা বাড়ানোর অনুরোধ করেছি, তারা রাজি হয়েছে। তারা নতুন করে চারটি খাতে আমাদের একটা সুযোগ দেওয়ার কথা বলেছে। এর মধ্যে যেমন প্লাম্বিং, ওয়েল্ডিং, এসি টেকনিক্যাল ও ইলেকট্রিক্যাল খাত।

বাংলাদেশে কাতারের একটি মাত্র ভিসা সেন্টার রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ, এ তথ্য জানিয়ে নুরুল হক বলেন, আমরা একটা বিষয় তাদের দৃষ্টিতে এনেছি। একটা কাতার ভিসা সেন্টার থাকায় আমাদের অনেক লোকজনের কষ্ট করতে হয়, দুই থেকে চারবার এখানে আসতে হয়। এটার আরও সংখ্যা বাড়ানোর কথা বলেছি; তারা আশ্বস্ত করেছে। আমাদের জায়গা থেকে আরও কয়েকটি অনুমোদন দেওয়ার জন্য বলেছি। সেটা নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে আলাপ-আলোচনা হবে এবং কাতারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর কাতারের চলমান উন্নয়নযজ্ঞের অংশ করতে পর্যাপ্তসংখ্যক দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নেওয়ার আহ্বান জানান।