logo
Advertisement

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ দেবেন না: প্রধানমন্ত্রীকে রাজ্জাকী

এশিয়া পোস্ট ডেস্ক
বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ দেবেন না: প্রধানমন্ত্রীকে রাজ্জাকী
অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ না দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। তিনি বলেছেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় বন্ধে সরকার এ সিদ্ধান্ত নিলে জনগণ প্রধানমন্ত্রীর পাশে থাকবে।

Advertisement

শনিবার (২২ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবু হেনা রাজ্জাকী বলেন, আপনি শুধু জনগণের সঙ্গে থাকেন। বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ আপনার সঙ্গে থাকবে।

বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীকে কোনো পক্ষকে ভয় না পাওয়ার পরামর্শ দেন। রাজ্জাকী বলেন, ভূরাজনীতির কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। কাউকে ভয় পাবেন না।

দেশের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেটি বন্ধ করে দিয়েছে। তার দাবি, এ ধরনের ঘটনার ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়।

তিনি বলেন, ৩২ নম্বর ভাঙার যে ইতিহাস—যেটাকে অন্যায় করা হয়েছে বলা হয়—সেটা যেমন মুছে যাবে না, জুলাই আন্দোলনের ইতিহাসও মুছে যাবে না, ১৯৭১-এর ইতিহাসও মুছে যাবে না। একইভাবে এটাও মুছে যাবে না।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন আবু হেনা রাজ্জাকী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনগণ নিজেরাই অবগত। এ বিষয়ে টেলিভিশনে গিয়ে চিৎকার করে বলার প্রয়োজন নেই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, মবের পরিস্থিতির উন্নতি হয়েছে কি না এটা আমার বলার কী আছে? প্রত্যেকটা মানুষই সেটা উপলব্ধি করছে।

প্রধানমন্ত্রীকে দেশের বাস্তব পরিস্থিতির মধ্যে থেকেই পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি এই আবহাওয়ার মধ্যেই থাকেন। এমন না যে আপনি প্যারিস থেকে ফ্লাইটে আসছেন, অনুষ্ঠান করে আবার প্যারিস চলে যাবেন।

নির্বাচিত সরকারের প্রথম ছয় মাসকে ‘হানিমুন পিরিয়ড’ বলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাজ্জাকী বলেন, এ ধরনের কোনো সময়সীমা সরকার নিজে ঘোষণা করেছে কি না, তা তিনি জানেন না।

তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রথম ছয় মাস হানিমুন পিরিয়ড এটা কি সরকার ঘোষিত? ১০০ দিনকে হানিমুন পিরিয়ড বলা হচ্ছে, এটা কে বলছে? সরকার নিজে কি বলছে যে এই ১০০ দিন আমাদের হানিমুন পিরিয়ড বা ছয় মাস হানিমুন পিরিয়ড? আমি তো শুনিনি সরকার বলছে।

এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার বিভিন্ন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন। রাজ্জাকী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু হয়েছিল।

তার ভাষ্য, ওই সময়ে চিকিৎসক, শিক্ষক, আনসারসহ বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের পক্ষ থেকে দেড় থেকে দুই শতাধিক আন্দোলন হয়েছে।

রাজ্জাকী বলেন, এসব আন্দোলনের সময় দেশের কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলকে তিনি বলতে দেখেননি যে আন্দোলনগুলো করা ঠিক হচ্ছে না। তার প্রশ্ন, নির্বাচিত সরকার না হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে চলে যাবে এমন অবস্থান নিয়ে তখন কোনো রাজনৈতিক দল আন্দোলনকারীদের ফিরে যেতে বলেনি কেন?