দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, এ ভার বহনের চেষ্টা করব : মন্ত্রিপরিষদ সচিব

বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার পর নাসিমুল গনি বলেছেন, দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, এ ভার বহনের চেষ্টা করব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসিমুল গনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন করেন। আজ তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে দুপুর সোয়া ১টার দিকে তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন। নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসে নিয়োগ পেলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করব।
সুষ্ঠু নির্বাচন করার কারণে কি আপনাকে উপহার হিসেবে এই পদ দেওয়া হলো, শপথের এক দিন আগে নিয়োগ পাওয়া জনপ্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘মন্তব্য নেই।’
এ সময় দায়িত্ব নেওয়াটাকে চ্যালেঞ্জ মনে করছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, আমি এখনো যোগদান করতে পারিনি। তবে জানামতে সকালে (মঙ্গলবার) দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগেছি ক্যাবিনেট ডিভিশন। বিস্তারিত এলে আপনাদের জানাব।
নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম আজ প্রকাশ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন,
এটা নির্ভর করে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন, তার সিদ্ধান্তের ওপর। আমাদের সেই প্রস্তুতির জন্যই আসছি এখন। পরে আমরা যোগাযোগ স্থাপন করব। তারপর যখন বলা হবে, তখন নামগুলো সবাই জানতে পারবেন।
কত সদস্যের মন্ত্রিসভা গঠিত হবে, এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে কোনো মন্তব্য নেই আমার এ মুহূর্তে। কারণ এটা কতজনের মন্ত্রিসভা হবে, সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রস্তুতি থাকে, পরে কম-বেশি হতে পারে। এটা স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া, সেটাই; নতুন কিছু না।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য যে সহায়তা লাগে, একজন মন্ত্রীর আসার জন্য একটি গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে, সে ব্যবস্থা ও তার সুরক্ষার উদ্যোগ নিতে হয়। তার অফিসকে জানাতে এবং নিজস্ব যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন, তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এসব কিছু দেখতে হয়।
এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৪ সালের ১৮ আগস্ট নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তিনি একই বছরের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।