সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাবে যেসব প্রকল্প

উন্নয়ন প্রকল্প নির্ধারণ, ব্যয় কাটছাঁট আর উন্নয়নের গতিপ্রকৃতির দিশা ঠিক করতে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এতদিন বৈঠকটি হয়ে আসছিল। তবে এবার সেটির পরিবর্তে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে (কক্ষ নং ২০০, ২য় তলা, ভবন নং-১) অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে নয়টি নতুনসহ মোট ১৭টি প্রকল্প ওঠার কথা রয়েছে। এতে ব্যয় ধরা হতে পারে প্রায় ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক নিবাস নির্মাণ প্রকল্প। ঢাকা শহরের জরুরি পানি সরবরাহ প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২। চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্প-৪। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারত্বমূলক পল্লী উন্নয়ন চতুর্থ পর্ব প্রকল্প।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে ৮ বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন প্রকল্প। গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প।
সড়ক বিভাগের সীমান্ত সড়ক (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ প্রকল্প-২য় পর্যায়। ‘ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প’। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চরকাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প ইত্যাদি।