logo

২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেস যাবে কক্সবাজার, থামবে যেসব স্টেশনে

২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেস যাবে কক্সবাজার, থামবে যেসব স্টেশনে
মহানগর এক্সপ্রেস ট্রেন। ছবি: ডেইলি স্টার থেকে নেওয়া

ঢাকা-কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস। প্রথমবারের মতো কোনো ট্রেন বদল ছাড়াই পর্যটন জেলায় যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। এ ছাড়া যাত্রাকালে বিভিন্ন স্টেশনের যাত্রীরাও চড়তে পারবেন এই ট্রেনে।

বর্তমানে মহানগর এক্সপ্রেস ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করছে। এটি কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে বিভিন্ন জেলার স্টেশনে থামবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ অক্টোবর থেকে বর্ধিত সেবা চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এত দিন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর মতো স্টেশনের যাত্রীরা কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে উঠতে পারতেন না। এখন থেকে কোনো ট্রেন বদল করা ছাড়াই সরাসরি কক্সবাজারে যেতে পারবেন তারা।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীতে এসে থামবে।

ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে।

এই সেবার ফলে যাত্রীরা শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থেও ভ্রমণের সুযোগ পাবেন।

চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান আরও জানান, নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে 'কক্সবাজার এক্সপ্রেস' ও 'পর্যটক এক্সপ্রেস' চলাচল করে। এ ছাড়া, চট্টগ্রাম-কক্সবাজার রুটে 'সৈকত এক্সপ্রেস' ও 'প্রবাল এক্সপ্রেস' নামে দুটি ট্রেন নিয়মিত চলছে।