ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়ার তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোলও যুক্ত করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
বিআরটিএর পুনর্নির্ধারিত ভাড়ায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক হিসাব রাখা হয়েছে। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে প্রযোজ্য টোল মূল ভাড়ার সঙ্গে যোগ করা হয়েছে।
গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা টোল যুক্ত হয়েছে।
সায়েদাবাদ থেকে নতুন ভাড়া
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়ার মধ্যে রয়েছে-
বরিশাল: ১৭১ কিলোমিটার দূরত্বে ৫১ আসনের বাসে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা।
পটুয়াখালী: ২১০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা।
বরগুনা: ২৫৩ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা।
সিলেট: ২৫৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা।
কুয়াকাটা: ২৮০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা।
জকিগঞ্জ: ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা।
সায়েদাবাদ থেকে সব রুটের ভাড়ার তালিকা দেখুন।
মহাখালী থেকে নতুন ভাড়া
মহাখালী বাস টার্মিনাল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে নির্ধারিত ভাড়া হলো-
সিলেট: ২৪৫ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৬৩ টাকা।
রংপুর: ২৯৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৪৫ টাকা।
নীলফামারী: ৩৫৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১২৮ টাকা।
কক্সবাজার: ৩৯৬ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৩৩ টাকা।
পঞ্চগড়: ৪৩৮ কিলোমিটারে ৫১ আসনের বাসে ১ হাজার ৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৭৬ টাকা।
গাবতলী থেকে বিভিন্ন রুট
গাবতলী বাস টার্মিনাল থেকে যশোর, খুলনা, বেনাপোল, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে নতুন কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা হারে ভাড়া কার্যকর হয়েছে।
এসব রুটে প্রযোজ্য টোল আলাদাভাবে ভাড়ার সঙ্গে যুক্ত হবে।
দূরত্ব নিয়ে অসঙ্গতি থাকলে সংশোধনের সুযোগ
বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা তৈরির সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের দেওয়া দূরত্ব বিবেচনায় নেওয়া হয়েছে। এর সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের অনুমোদিত টোল যুক্ত করা হয়েছে।
কোনো রুটের দূরত্ব বা ভাড়ার হিসাবে অসঙ্গতি পাওয়া গেলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তা যাচাই করে সংশোধন করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএর নতুন তালিকায় ঢাকা থেকে মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল হয়ে দেশের বিভিন্ন গন্তব্যের বিস্তারিত ভাড়া দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা থেকে জেলা ও বিভাগ থেকে বিভাগের বিভিন্ন রুটের হালনাগাদ ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।
